নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় আব্দুল আলিম ভুট্টু (৫০) ও এনামুল সরদার (৩২) নামের দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী তরুণীর মা ও তাঁর ভাই কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন কেবল ওই তরুণী ও তাঁর বাবা। ঘটনার সময় বাবা বাজার করতে স্থানীয় নীলা বাজারে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় তরুণীর আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে দুই অভিযুক্তকে হাতেনাতে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।