রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল এসকাফসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর রাত ৮টায় রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার এলাকা, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো: নাদিম মিয়া (৩৪), মো: ইমরান হোসেন (২৭), মো: মুস্তাকিম (১৯), মো: রাব্বি হাসান (৩০) ও মো: নাদিম (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এসআরবি। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে এসআরবি-১১ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।