লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শো আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি, পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।