শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের নাগরিকদের জন্য খুব শিগগিরই ভারতীয় ভিসা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর ব্যাপারে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। খুব দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে এবং বাংলাদেশের নাগরিকরা যেন ভারতে যেতে পারেন, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার শিগগিরই আসছেন এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে তারা উদ্যোগ নিচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

শামা ওবায়েদ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। দলীয় নামে মারামারি ও কোন্দল বন্ধ করতে হবে। এসব সহিংসতায় মামলা-মোকদ্দমা ও ক্ষয়ক্ষতি ছাড়া কোনো লাভ নেই।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজে মনোযোগ দিতে হবে—শিক্ষাব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, তিনি এমপি বা মন্ত্রী পরিচয়ে নয়, এলাকার সন্তান হিসেবে মানুষের পাশে থাকতে চান। যারা ভোট দিয়েছেন বা দেননি—সবাইয়ের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান বলে উল্লেখ করেন তিনি।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: