‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রের সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দলটি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত এনসিপি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অংশ হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমবারের নির্বাচনে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শনিবার বিকেল চারটায় ধানমন্ডি আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিল শুরু হবে। সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীসহ অসংখ্য অতিথি অংশ নেবেন। ইফতারের পাশাপাশি অনুষ্ঠানস্থলে চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকবে।


0 coment rios: