তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি জোট। নির্বাচিত সদস্যরা ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নেবেন। সকালে তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিসরে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।


0 coment rios: