২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মহল অসংখ্য মামলা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, এমনকি হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। সরকারের নজরে ইতোমধ্যে এ ধরনের কিছু মামলা এসেছে।
তিনি বলেন, একটি সুবিধাবাদী শ্রেণি এসব মামলা দায়ের করেছে। সেগুলো যাচাই-বাছাই করে শনাক্ত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। মামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা হয়ে থাকলে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলা প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য রাজনৈতিক মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে, পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত মামলাও আছে।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো যাচাই করে প্রত্যাহারের বিষয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যেন কোনোভাবে এর অপব্যবহার না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।


0 coment rios: