মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সাকিবের ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে, আশাবাদী বিসিবি

সাকিবের ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে, আশাবাদী বিসিবি

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জটিলতায় দেশে ফেরা আটকে যায়। ফলে প্রায় দুই বছর ধরেই লাল-সবুজের বাইরে সময় কাটছে দেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের।

তবে এবার তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। আইনি জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিচালক আসিফ আকবর।

তিনি বলেন, সাকিবের সব মামলার কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী ও সহ-সভাপতি ফারুক আহমেদ সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অবহিত করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের ইস্যুর পাশাপাশি সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়। যদিও বৈঠকে সরাসরি এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি, তবে প্রতিমন্ত্রী বিষয়টি আলাদাভাবে নজরে রেখেছেন বলে জানা গেছে।

আসিফ আকবর আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নথি সচিবের দপ্তরে পাঠানো হবে। বিসিবির প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে, এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের।

তিনি বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনার কথা জানিয়েছে সরকার। সেই প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও দ্রুত অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: