জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম জাহিন। সে জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জের তেঘরিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে উঠছিল। এ সময় জামালপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই শিশু জাহিনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহম্মেদ জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


0 coment rios: