গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি–কে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এ অভিনন্দন জানান। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা—এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ডিবিএ মনে করে, সরকারের এই সিদ্ধান্ত দেশের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করবে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, সাকি একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি আর্থ-সামাজিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠন, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। জাতীয় অর্থনীতি শক্তিশালী করা, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে তার অবস্থান ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ডিবিএ’র মতে, প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন গতি আনবে। তার নেতৃত্বে আর্থিক খাতে কাঠামোগত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।
সংগঠনটি আরও জানায়, দেশের অর্থনীতি, পুঁজিবাজার ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকারের উদ্যোগে তারা অতীতের মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। একটি শক্তিশালী ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে ডিবিএ সম্মিলিতভাবে কাজ করে যাবে।
শেষে ডিবিএ প্রেসিডেন্ট প্রতিমন্ত্রী সাকির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তার নেতৃত্বে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।


0 coment rios: