সরকার ১২ জন নন-ক্যাডার সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে এই পদোন্নতির ফলে তারা ক্যাডারভুক্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪-এর বিধি ৫ অনুযায়ী এই পদোন্নতি প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত ১২ জন কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
মো. জুলহাজ আলী সরকার, মো. কবির হোসেন, মো. আবু হারিস মিয়া, আফরোজা বেগম, মো. আবুল কালাম আজাদ, মো. মামুন হোসেন, মোসাম্মাৎ তাহমিনা খানম, মোল্লা সোহাগ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. কবির উদ্দিন হাওলাদার, মো. আবু কায়েছ আকন্দ ও মো. হাবিবুর রহমান।
সূত্র: বাসস


0 coment rios: