![]() |
সংগৃহীত ছবি |
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালত কক্ষে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিচারকরা বিচারকাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত এলাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।
বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে প্রবেশ করলে বিচারক আদালত বর্জন করেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আইনজীবীরা মিছিল ও আদালত বর্জন কর্মসূচি পালন করেন।
কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস-কে জামিন দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মহানগর আদালত বর্জন করেন আইনজীবীরা। তারা সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু আইনজীবী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল করেন। তারা চেয়ার-টেবিল উল্টে দেন এবং বিচার কার্যক্রম বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


0 coment rios: