![]() |
সংগৃহীত ছবি |
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। তিনি রায়েরবাজার হাইস্কুল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা বেলাল হোসেন শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন।
হামলার পর শারমিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বেলাল হোসেন জানান, রাতে গলির ভেতর অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে পেছন থেকে আঘাত করে পালিয়ে যায়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে হাজারীবাগ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।


0 coment rios: