মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশ আজ এক গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের আবহে স্মরণ করছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরেই শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ বেদীতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতির পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে তিনি আবারও শ্রদ্ধা জানান। দলীয় প্রধান হিসেবেও নেতাকর্মীদের সঙ্গে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান তিনি। সবশেষে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর পর তিন বাহিনী প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধীদলীয় নেতারাও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে খালি পায়ে, হাতে ফুল নিয়ে সাধারণ মানুষ ঢল নামায় শহীদ বেদীতে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দেওয়া সকল শহীদদের প্রতি জানানো হয় গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।


0 coment rios: