ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বহাল রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব থাকা এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি ড. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তখন ড. কাইয়ুমের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন।
রিট আবেদনে নাহিদ ইসলামের দাবি ছিল— ড. এম এ কাইয়ুম অন্য একটি দেশের নাগরিক, অর্থাৎ তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কিন্তু নির্বাচনের হলফনামায় তিনি এই তথ্য গোপন করেছেন। সংবিধান ও আরপিও অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।
রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনটি এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই আসনে ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম—দুজনই হেভিওয়েট হিসেবে বিবেচিত। রিট দায়েরের পর থেকে আইনি লড়াইয়ের পাশাপাশি মাঠের রাজনৈতিক প্রচারণাতেও বাড়তি উত্তাপ দেখা যাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগে আপিল বিভাগের শুনানিকে ড. কাইয়ুমের নির্বাচনি ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


0 coment rios: