নির্বাচনের প্রাক্কালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামানুর রহমানকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
দীর্ঘদিন ধরে মো. জামানুর রহমান একজন সৎ, দক্ষ ও নির্লোভ প্রকৌশলী হিসেবে পরিচিত। প্রশাসনিক সক্ষমতা এবং শক্ত কারিগরি জ্ঞানের কারণে তিনি বিভাগে একজন গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে সম্মানিত। সহকর্মী মহলেও তার পেশাদারিত্ব নিয়ে ইতিবাচক মূল্যায়ন রয়েছে।
বিশ্বস্ত সূত্র জানায়, এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে তাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ দায়িত্বে বিবেচিত হওয়া থেকে বিরত রাখা। নির্বাচনের সময়কে সামনে রেখে পরিকল্পিতভাবে এসব তৎপরতা জোরদার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, অতীতেও রাজনৈতিক পরিচয়ের অজুহাতে তিনি বঞ্চনা ও হয়রানির শিকার হয়েছেন। একপর্যায়ে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্তও করা হয়। তবে সব বাধা অতিক্রম করে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
বর্তমানে সব ধরনের চাপ ও অপচেষ্টা উপেক্ষা করে মো. জামানুর রহমান নিয়মিতভাবে তার দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে লোভ, ক্ষমতার অপব্যবহার বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। বরং সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও ন্যায়নিষ্ঠ কর্মকর্তা হিসেবেই পরিচিত।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, যোগ্যতা ও সততার ভিত্তিতে মূল্যায়ন হলে মো. জামানুর রহমানের মতো কর্মকর্তারাই ভবিষ্যতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেতৃত্বে আসবেন। এতে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।


0 coment rios: