আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ-এর প্রতি ভালোবাসা প্রকাশে থামছেন না সুকেশ চন্দ্রশেখর। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দী এই ব্যবসায়ী নায়িকাকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দেওয়ার দাবি করেছেন। সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন প্রেমপত্রও।
কারাগার থেকে পাঠানো চিঠিতে তিনি জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা উল্লেখ করেন। দীর্ঘদিন তাকে না দেখে নিজের অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো বলে বর্ণনা করেন। উপহার দেওয়া কালো রঙের হেলিকপ্টারের গায়ে অভিনেত্রীর নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে বলেও দাবি করেন তিনি।
সুকেশের ভাষ্য, মুম্বাইয়ের যানজট এড়িয়ে সহজ যাতায়াতের জন্য বিশেষ অন্দরসজ্জার এই হেলিকপ্টার কেনা হয়েছে। তিনি আরও দাবি করেন, এটি নিজের কষ্টার্জিত অর্থে কেনা, কোনো অপরাধমূলক অর্থ দিয়ে নয়।
চিঠিতে আইনি জটিলতায় জ্যাকুলিনকে পড়তে হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। লেখেন, দূরত্ব থাকলেও তাদের ভালোবাসাই সেতুর মতো কাজ করছে। একই সঙ্গে দাবি করেন, জ্যাকুলিনের হৃদয়ে অন্য কারও জায়গা নেই।
এর আগেও ভালোবাসা দিবসে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন সুকেশ। সেই জেটের নম্বর নাকি অভিনেত্রীর জন্মতারিখ অনুযায়ী নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দী রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। অন্যদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। তবুও জেল থেকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে নিয়মিতই আলোচনায় থাকছেন সুকেশ।


0 coment rios: