বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ


অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি–তে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।


নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সন্ধ্যায় আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানান। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তারা সরাসরি একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।


সভায় তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া আলোচনায় বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের দাবি ও মতামত তুলে ধরা হয়।


আলোচনার একপর্যায়ে সংস্কৃতিমন্ত্রী ঘোষণা দেন, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে প্রকাশকরা স্বাগত জানিয়েছেন।


সভা সূত্রে জানা গেছে, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।


নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।


দীর্ঘ অনিশ্চয়তার পর বইমেলার তারিখ ঘোষণায় প্রকাশনা জগৎ ও সাহিত্যাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ভাষা আন্দোলনের চেতনা আর নতুন বইয়ের সম্ভারে আবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে উঠবে পাঠক, লেখক ও প্রকাশকদের প্রাণের মিলনমেলা—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: