বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ

নেপাল থেকে দেশে ফিরেছেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী ইফফাত আরা তিথি। সোমবার (২ ফেব্রুয়ারি) নাটকের শুটিং টিমের সঙ্গে তিনি ঢাকায় ফেরেন।

সম্প্রতি অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা-র মৃত্যুর পর সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, ইকরার পরিবার তিথির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে। তবে রাজধানীর পল্লবী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি একে এম আলমগীর হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, নাটকের শুটিং টিম ঢাকায় ফিরেছে। তিথি দেশে এসেছেন, তবে তিনি মামলার আসামি নন। এই মামলায় আসামি আলভী ও তার মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তারা এখনো দেশে ফেরেননি।

দেশে ফিরে তিথি গণমাধ্যমকে বলেন, আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি—এমন অভিযোগ সঠিক নয়। তার দাবি, পুরো টিম একসঙ্গে ২ ফেব্রুয়ারি দেশে ফিরেছে। ইকরার মৃত্যুর দিনই টিকিটের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেদিন টিকিট পাওয়া যায়নি। পরদিনের টিকিট নিশ্চিত করে সবাই দেশে ফেরেন।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরদিন ১ মার্চ তার মামা বাদী হয়ে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। মামলায় প্রধান আসামি আলভী।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: