বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দৌলতদিয়ায় বাসডুবি: তদন্তে উঠে এলো একাধিক কারণ, প্রতিবেদন জমা


রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে। এতে দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি জানান, গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করেন।


তদন্তে দেখা গেছে, বাসটির যান্ত্রিক ত্রুটিসহ একাধিক কারণ এ দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। কমিটি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্য নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছে।


কমিটির প্রধান উছেন মে বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশও করা হয়েছে, তবে বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না।


জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, প্রতিবেদনটি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, গত ২৫ মার্চ কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ২৬ জনের মৃত্যু হয়।


ঘটনার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও পৃথক আরেকটি তদন্ত কমিটি কাজ করছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: