টাঙ্গাইলে ১০টি ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা
টাঙ্গাইলের বাসাইলে নির্জন এলাকায় রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে জবাই করা তিনটি ঘোড়া ঘটনাস্থলে ফেলে রেখে সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই স্থানে ১০টি ঘোড়া জবাই করেছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে যায় এবং তিনটি ঘোড়া ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ট্রাকযোগে ঘোড়াগুলো এনে সেখানে জবাই করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।