টায়ার জ্বালিয়ে কুয়াকাটা-কলাপাড়া সড়কে বিক্ষোভ, বাসে পেট্রল বোমা নিক্ষেপ
রাতভর কলাপাড়ার বিভিন্ন সড়কে আগুন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আর পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে কলাপাড়া-কুয়াকাটা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার নিয়ে মশাল মিছিলও বের করা হয়।
একই রাতে কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া হয়। এতে বাসটিতে কিছুটা আগুন লাগলেও বড় ধরনের ক্ষতি হয়নি। হামলার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে পুলিশ সেখান থেকে পেট্রল বোমাসদৃশ দুটি বোতল উদ্ধার করে।
অন্যদিকে, আলীপুর থ্রি পয়েন্টের সামনে সড়কে টায়ারে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির বলেন, বাস টার্মিনালে পেট্রল বোমা নিক্ষেপের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্রুত সেখানে যান। তবে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, অবরোধ কর্মসূচিকে ঘিরে কলাপাড়ার টিয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, সাবেক ছাত্রলীগ নেতা খালিদ এবং কুয়াকাটা-আলীপুরে নজরুল ফকিরের নেতৃত্বে এসব ঘটনা ঘটানো হয়। এছাড়া যুবলীগের ব্যানারে বিভিন্ন দেয়ালে, বাসাবাড়ির সামনে ছবিযুক্ত পোস্টার লাগানো ও দেয়াল লিখন কর্মসূচিও পালন করা হয় বলে জানায় ওই সূত্র।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. রাসেল বলেন, পেট্রল বোমা নিক্ষেপের খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ককটেল ফাঁকা জায়গায় পড়ায় তেমন ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।