রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসকে নিয়ে জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসকে নিয়ে জামায়াতে ইসলামী ও দলটির এক নেতার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সমর্থন রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, ময়মনসিংহের উজ্জ্বল নাম ও চেহারায় পরিবর্তন এনে আয়াস পরিচয়ে পরিচিত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, উজ্জ্বলের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে এবং সেটি এখনো বিচারাধীন।
আয়াসের হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলার বিষয়ে প্রিজন ভ্যান থেকে দেওয়া বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তাঁর দাবি, ওই তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার যোগসূত্র থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ তিনি পোস্টে তুলে ধরেননি।
রাশেদ খান অভিযোগ করেন, জুলাই আন্দোলনের নামে বিভিন্ন বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডকে অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অর্থ সহায়তার অভিযোগও করেন তিনি।