শেরপুরে পৃথক অভিযানে ৩ যুবক গ্রেপ্তার, ৫০ পিস ইয়াবা উদ্ধার
বগুড়ার শেরপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ও রাতে উপজেলার সীমাবাড়ী ও ভবানীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেরপুর উপজেলার বেতগাড়ী গ্রামের মো. নাইমুর রহমান (৩০), একই গ্রামের মো. কাওছার সরকার (২৪) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বড়চাঁপুর গ্রামের শ্রী নিরাঞ্জন চন্দ্র দাস (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী গ্রামে পেন্টাগন হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে একটি বটগাছের নিচে অভিযান চালিয়ে নাইমুর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে ভবানীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে কাওছার সরকার ও নিরাঞ্জন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আরও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএমের নির্দেশনায় পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ও এসআই বিকাশ চক্রবর্তী।
এ ঘটনায় নাইমুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় মামলা করা হয়েছে। অপরদিকে, কাওছার সরকার ও নিরাঞ্জন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।