Global Header Bottom
সমালোচনার মুখে রাবির জুলাই প্রদর্শনী থেকে বিতর্কিত ‘৭১-এর চে

সমালোচনার মুখে রাবির জুলাই প্রদর্শনী থেকে বিতর্কিত ‘৭১-এর চেয়ে ২৪ ভারী’ শিল্পকর্ম সরানো হলো

সমালোচনার মুখে রাবির জুলাই প্রদর্শনী থেকে বিতর্কিত ‘৭১-এর চেয়ে ২৪ ভারী’ শিল্পকর্ম সরানো হলো

সমালোচনা ও বিতর্কের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে ‘দাঁড়িপাল্লায় একাত্তরের চেয়ে চব্বিশ ভারী’ শিরোনামের বিতর্কিত শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে শিল্পকর্মটি প্রদর্শনী থেকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান।

তিনি বলেন, সকালে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। প্রদর্শনীর শিল্পকর্মগুলো আগে থেকে পর্যালোচনা না করায় এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিতর্কিত বিষয়কে প্রশ্রয় দেবে না।

এর আগে রোববার (৯ আগস্ট) সকালে শুরু হয় ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর একটি শিল্পকর্মে ১৯৭১ ও ২০২৪ সালকে দাঁড়িপাল্লায় উপস্থাপন করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

শিল্পকর্মটিতে একটি হাতের মুষ্টিতে ধরা দাঁড়িপাল্লার দুই পাশে লাল রঙে ‘৭১’ এবং কালচে রঙে ‘২৪’ লেখা দেখা যায়। চিত্রটিতে ‘২৪’ লেখা পাল্লাটি তুলনামূলকভাবে নিচের দিকে ঝুঁকে রয়েছে। ফলে শিল্পকর্মটির উপস্থাপনায় ১৯৭১ সালের তুলনায় ২০২৪ সালকে বেশি ভারী হিসেবে দেখানো হয়েছে বলে সমালোচনা করেন অনেকে।

এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিল্পকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে বিভিন্ন মাধ্যমে তৈরি ৮০টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি চলার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের প্রদর্শনীতে শিল্পকর্ম প্রদর্শনের আগে যথাযথ পর্যালোচনার ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer