Global Header Bottom
উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা: কারখানার মালিকসহ ২২

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা: কারখানার মালিকসহ ২২ জন আটক, পরিদর্শনে গিয়ে উত্তেজনার মুখে ডিএনসিসি প্রশাসক ও এমপি

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা: কারখানার মালিকসহ ২২ জন আটক, পরিদর্শনে গিয়ে উত্তেজনার মুখে ডিএনসিসি প্রশাসক ও এমপি

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চরম উত্তেজনার মুখে পড়েন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় ‘নেপচুন অ্যাকসেসরিজ’ নামের একটি পোশাক কারখানার মালিক কর্নেল (অব.) জাকিরসহ মোট ২২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে উত্তরখানের রাজাবাড়ী এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) এলাকায় এই সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পাশের ‘নেপচুন অ্যাকসেসরিজ’ পোশাক কারখানার কিছু শ্রমিকের কোনো একটি বিষয় নিয়ে সংঘর্ষ বা বাকবিতণ্ডা হয়। এতে বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পোশাক কারখানার মালিক কর্নেল (অব.) জাকিরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানার মালিকসহ অন্যদের আটক করে।

ঘটনার পর বিকেলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নেপচুন অ্যাকসেসরিজের মালিকপক্ষের লোকজন এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএনসিসির দাবি, প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে ঘটনার জবাবদিহি চাইলে মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ আরও চড়াও হয় এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

পরে ডিএনসিসির প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দৃঢ় কণ্ঠে বলেন, সরকারি কাজে বাধা এবং পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) শেখ রফিকুল ইসলাম জানান, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নেপচুন অ্যাকসেসরিজের মালিক কর্নেল (অব.) জাকিরসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer