৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ কর ছাড় পাবে ব্যক্তি শ্রেণির করদাতারা
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর প্রণোদনা বা কর ছাড় পাবেন ব্যক্তিশ্রেণির করদাতারা। নির্ধারিত এই সময়ের পর রিটার্ন দাখিল করলে কোনো কর ছাড় বা প্রণোদনা পাওয়া যাবে না।
রোববার (২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন বিধান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি করদাতারা আয়কর রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর প্রণোদনা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।
অন্যদিকে, নির্ধারিত সময় পার করে পরবর্তীতে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত করের বিধান রাখা হয়েছে। এর মধ্যে—
১ জানুয়ারি থেকে ৩১ মার্চ: এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হবে।
১ এপ্রিল থেকে ৩০ জুন: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা প্রদানের ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন, কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে। তাই করদাতাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। করদাতারা (www.etaxnbr.gov.bd) সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য এনবিআর-এর কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।