খুলনায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১, ‘পলাশ-আশিক’ গ্রুপের সদস্য দাবি পুলিশের
খুলনা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ভোর ৪টার দিকে খুলনা থানা এলাকার মোতলেবের মোড়ে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি।
তদন্তের ধারাবাহিকতায় ডিবি ও খুলনা থানা পুলিশের যৌথ দল নিরালা আবাসিক এলাকার ২৯ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার রুবেল কুখ্যাত ‘পলাশ-আশিক’ গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।