কালিহাতীতে গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজের উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসন এবং স্থানীয় সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ করতে সেতুটি নির্মাণ করা হচ্ছে।
সেতুটির নির্মাণকাজ শেষ হলে কালিহাতী বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে সাধারণ মানুষের যাতায়াত, শিক্ষার্থীদের চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনসিয়া আজমেরী খান এবং কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ এই স্থানে দীর্ঘদিন ধরেই একটি সেতুর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেতুটির নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগের দুর্ভোগ কমবে এবং যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে।
একই সঙ্গে কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে সেতুটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে।