খুলনায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসার অভিযোগ, ৩,৯৫৮ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
খুলনা মহানগরীর সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাসির উদ্দীন সেন্টু নামে একজন সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন।
শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), তাদের সহযোগী কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের ছেলে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা। তাদের বর্তমান ঠিকানা খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া নাসির উদ্দীন সেন্টুর কাছ থেকে একটি রাজনৈতিক মিডিয়া সেল, স্থানীয় একটি পত্রিকার অনলাইন সংস্করণ এবং খুলনা টাউন ক্লাবের পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা ইয়াবাসহ খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।