দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক (সানু), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি বাংলাদেশের সব মানুষের। বিনা কারণে বা বিনা ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা স্বৈরাচারের দোসরদেরই লাভবান করবে। তাই বিভক্তির সব অপচেষ্টা রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। কারণ বিভক্তি সৃষ্টি হলে তার সুযোগ নেবে গণতন্ত্রবিরোধী শক্তি।
বিএনপির ভূমিকার প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি কখনো গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়নি। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দলটি নেতৃত্ব দিয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাত্র সাড়ে পাঁচ মাস আগে একটি বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। ইতোমধ্যে বাজেট পাস হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি টাঙ্গাইলের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি জুলাই যোদ্ধার জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করেই সবাইকে এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় জেলার ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।