বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী, গুরুত্ব পাবে সেপা ও বিনিয়োগ
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আজ সোমবার (৩ আগস্ট) ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও তার মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আলোচনায় তৈরি পোশাক শিল্প, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং নতুন শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বর্তমানে সেপা চুক্তি নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে এ চুক্তি নিয়ে পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রযুক্তি স্থানান্তর, উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এই সফর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে উৎপাদন, শিল্পায়ন ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগ করে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
Dhaka71/rir