বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার: বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার জিএম মারুফ বিল্লাহ
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ পেয়েছেন সাতক্ষীরার বন সংরক্ষণ অফিসের কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ। বন বিভাগ ক্যাটাগরিতে তিনি দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জিএম মারুফ বিল্লাহ তাঁর পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)। সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানো হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে জিএম মারুফ বিল্লাহ বলেন, জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই পুরস্কার বৃক্ষরোপণ, বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, ভবিষ্যতেও বন ও পরিবেশের সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চান। পাশাপাশি এ অর্জনের পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে বন অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারী, নার্সারি ও স্টল মালিক, পরিবেশ ও বন খাতের অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।