ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত মা
খুলনা নগরীর সোনাডাঙ্গায় কলেজছাত্রকে খুঁজতে গিয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে। লক্ষ্যভ্রষ্ট ওই গুলিতে শিমুল বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিমুল বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে তিন ব্যক্তি তাদের বাড়িতে যায়। এ সময় হৃদয় বাড়িতে নেই বলে জানানো হলে তারা তার বাবা মুজিব খানকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা হৃদয়ের মা শিমুল বেগমের পেটে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে কলেজছাত্র হৃদয় খানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। দুর্বৃত্তরা তাকে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুল বেগমের গায়ে লাগে।