ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি মিষ্টির কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টার দিকে ভালুকা পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। এ ছাড়া নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পালকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহাব উদ্দিন, জেলা নমুনা সংগ্রহকারী কর্মকর্তা মামুন উর রশিদ ও ল্যাব টেকনিশিয়ান সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।