Global Header Bottom
সড়কে ট্যাংকলরিতে পুলিশি চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ

সড়কে ট্যাংকলরিতে পুলিশি চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ

সড়কে ট্যাংকলরিতে পুলিশি চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ

সড়কে ট্যাংকলরি থামিয়ে পুলিশ ও প্রশাসনের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে খুলনায় দুই ঘণ্টা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ট্যাংকলরি মালিক-শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার চেকপোস্ট এলাকায় ট্যাংকলরি দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে রাস্তায় গাড়ি থামিয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা হয়রানি ও চাঁদাবাজি করছেন। তাদের দাবি, জ্বালানি তেল পরিবহনের আগে টার্মিনালেই প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এরপরও সড়কে গাড়ি থামানো হচ্ছে।

তারা আরও বলেন, প্রতিটি ট্যাংকলরিতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেলের মতো দাহ্য পদার্থ থাকে। মহাসড়কে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

এর আগে শ্রমিকরা ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে কর্মসূচির স্থান পরিবর্তন করে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় অবস্থান নেন তারা।

কর্মসূচি চলাকালে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে প্রায় দুই ঘণ্টা জ্বালানি তেল উত্তোলন বন্ধ ছিল।

বক্তারা পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মীর মোকসেদ আলী এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer