ময়মনসিংহ বোর্ডে এসএসসির পাসের হার ৫৭.৩৯%, জিপিএ-৫ পেয়েছে ৫৭০০ শিক্ষার্থী
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে দশমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২৮ হাজার ৩৭২ জন এবং মেয়ে ৩১ হাজার ৯০২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২ হাজার ৬২১ জন এবং মেয়ে ৩ হাজার ৭৯ জন। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা জানান, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ। মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ।
গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হওয়ায় এবার বোর্ডে পাসের হার কমেছে বলে জানান তিনি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জেলাভিত্তিক পাসের হার হলো—
- ময়মনসিংহ: ৫৭ দশমিক ৮০ শতাংশ
- জামালপুর: ৫৫ দশমিক ৬০ শতাংশ
- শেরপুর: ৫৫ দশমিক ৪১ শতাংশ
- নেত্রকোনা: ৩০ দশমিক ৪৯ শতাংশ
এবার বোর্ডের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শতভাগ শিক্ষার্থী পাস করা প্রতিষ্ঠানগুলো হলো—ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল, আইডিয়াল মডেল একাডেমি, ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুল, জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর গোয়ালের চর আইডিয়াল হাইস্কুল, সরিষাবাড়ী উপজেলার চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
এবার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা কলেজ এবং ফুলবাড়িয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়।