যমুনায় গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটু লাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় তাদের আত্মীয় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।