সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
রাজশাহী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জের সদানন্দপুর স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনটিতে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ট্রেনের কয়েকজন যাত্রী জানান, জামতৈল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের নিচ থেকে অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছিল। তবে বিষয়টির কারণ বুঝতে না পারায় ট্রেনটি চলাচল অব্যাহত রাখা হয়। পরে সদানন্দপুর স্টেশনে পৌঁছালে একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
সদানন্দপুর স্টেশনের স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করবে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।