সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, স্বাভাবিক হচ্ছে রেল চলাচল
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রেলওয়ের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্রে জানা গেছে, বগি লাইনচ্যুত হওয়ার পর সাময়িকভাবে ঢাকা, উত্তর ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যাহত হয়। এতে ওই রুটের কয়েকটি স্টেশনে একাধিক আন্তঃনগর ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দল সফলভাবে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বগি সরিয়ে ট্র্যাকটি পুনরায় চলাচলের উপযোগী করার কাজও শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এ রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, কী কারণে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।,