সৌদিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইয়েমেনের, ‘জবাব দেওয়া হবে’ হুঁশিয়ারি
সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে সৌদি আরব সামরিক তৎপরতা বা উত্তেজনা বাড়ালে এর ‘তাৎক্ষণিক ও কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাহ আল-জিন্ন এলাকায় সৌদি সেনাদের অবস্থান, অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সরঞ্জামের গতিবিধি পর্যবেক্ষণের পর হামলা চালানো হয়েছে। হামলাগুলো ‘নির্ভুল ও কার্যকর’ ছিল বলেও দাবি করেন তিনি।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল রয়েছে—‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানে হামলা চালানো’।
তিনি আরও বলেন, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব দেওয়া হবে।
ইয়েমেনের সামরিক মুখপাত্র সৌদি আরবের সামরিক শিবিরে থাকা দেশটির নাগরিকদের দ্রুত সেখান থেকে সরে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তাদের ভাষায়, যারা ‘বিভ্রান্ত ও প্রতারিত’ হয়েছেন, তাদের দেরি হওয়ার আগেই ফিরে আসা উচিত।
বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা ব্যক্তিদেরও সতর্ক করে ইয়াহিয়া সারি বলেন, তাদের অন্য কোনো পক্ষের স্বার্থে ‘জ্বালানি’ হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়।
তবে ইয়েমেনের পক্ষ থেকে দাবি করা এই হামলায় সৌদি আরবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্রের তথ্য পাওয়া যায়নি।