৩০ হাজার টাকায় বিক্রি হওয়া শিশুটি ফিরল মায়ের কোলে, তবে রাখতে চান না সেই মা
অভাব, অসুস্থতা ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী ছেলেকে বিক্রি করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জের এক মা। আলামিন নামের ওই শিশুকে কিনেছিল মোংলার এক নিঃসন্তান দম্পতি। বিষয়টি জানাজানি হলে দুই উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশু আলামিনকে উদ্ধার করা হয়েছে। ওই দম্পতি এর আগেও টাকার বিনিময়ে আরেকটি মেয়ে শিশুকে নিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে শিশু আলামিনের মা অনিকা আক্তার ও শিশুটিকে কেনা দম্পতিকে হাজির করা হয়। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে ওই শিশুকে বিক্রি করা হয়।
শিশুটির মা অনিকা আক্তার (১৮) বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় ছেলে আলামিন। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস। বিয়ের পর থেকে স্বামী তার ও সন্তানের যথাযথ খোঁজ-খবর রাখতেন না বলে অভিযোগ অনিকার। একপর্যায়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন অনিকা।
কিন্তু, সেখানেও স্বস্তি মেলেনি। অসুস্থতা, সন্তানের খাবার ও চিকিৎসার খরচ এবং বাবার পরিবারের আর্থিক অসচ্ছলতা মিলিয়ে চরম সংকটে পড়েন অনিকা। একপর্যায়ে সন্তানকে লালন-পালনের সামর্থ্য না থাকার কথা জানিয়ে তাকে অন্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী এবং অনিকার বাবা পলাশ শেখের সহযোগিতায় শিশুটিকে মোংলায় নিয়ে যাওয়া হয়। পরে মোংলা পৌরসভার বাতেন সড়ক এলাকার লৌহজাত পণ্যের ব্যবসায়ী শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়।
নুরজাহান বেগম ও তার স্বামী নিঃসন্তান। তারা এর আগেও টাকার বিনিময়ে একটি মেয়েশিশুকে নিয়ে নিজেদের কাছে রেখেছেন এবং লালন-পালন করছেন। এবার পুত্র সন্তান লালন-পালনের ইচ্ছায় আলামিনকে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে, এভাবে অর্থের বিনিময়ে শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অনিকা আক্তার বলেছেন, “আমি জটিল রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই চালাতে পারি না, ছেলেকে কী খাওয়াব? তার চিকিৎসা কীভাবে করাব, সেই সামর্থ্যও আমার নেই। তাই, বাধ্য হয়ে ৩০ হাজার টাকায় ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছি। আমি ছেলেকে রাখতে চাই না। সে যেখানে ভালো থাকবে, সেখানেই থাকুক।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, তার বয়স হয়েছে, তিনিও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
আলামিনকে বিক্রির বিষয়টি জানাজানি হলে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও উভয় পক্ষকে ডেকে পাঠান। শুক্রবার তাদের উপস্থিতিতে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেছেন, “শিশু আলামিনকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে কোনো শিশুকে বিক্রি করার সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় যারা শিশুটির দায়িত্ব নিতে চান, তাদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।