ফেসবুক বিজ্ঞাপনের বিল বিকাশে পরিশোধের সুবিধা, কমবে আন্তর্জাতিক কার্ডের নির্ভরতা
বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা চালুর উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ সুবিধা সবার জন্য চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা অনেকটাই কমবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হতে পারে।
সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর Add Payment Method অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ-এর নামও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতি ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।
এতদিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হতো। ফলে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকেই বাড়তি খরচ ও সময়ের কারণে সমস্যায় পড়তেন।
বিকাশের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ডিজিটাল বিজ্ঞাপন ব্যবস্থাপনা আরও সহজ হতে পারে। বিশেষ করে অনলাইনভিত্তিক ছোট ব্যবসা, ই-কমার্স উদ্যোক্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর ব্যবসার ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।
তবে এ বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কি না এবং কবে এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের আশা, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হতে পারে। এতে উদ্যোক্তাদের আন্তর্জাতিক কার্ডনির্ভরতা কমার পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপনে অংশগ্রহণও বাড়তে পারে।