টাঙ্গাইলে ১৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার চারান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন জানান, অভিযানে ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোট ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।