র্যাব-১২’র অভিযানে বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বেলকুচি থানার আদাচাকী গ্রামের ‘নাবিল টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি থানার আদাচাকী গ্রামের মো. আক্তার খানের ছেলে মো. মেনাজুল ইসলাম (২৪), মো. নুরুল ইসলামের ছেলে মো. বনি আমিন (২০) এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. নিশাত রেজা (২৭)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাবিল টেলিকমে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের কথা স্বীকার করেছেন। জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হলে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ সরবরাহ করতেন বলেও র্যাবের দাবি।
অভিযানে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
জুয়ামুক্ত সমাজ গঠনে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।